সওজের অধিগ্রহণকৃত জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ, অপসারণে দুই দিনের নোটিশ

মোঃ সুমন হাওলাদার: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের আলদি ব্রিজসংলগ্ন সড়ক ও জনপদ (সওজ) বিভাগের অধিগ্রহণকৃত জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগে দুই দিনের মধ্যে তা অপসারণের নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে ওই জমিতে তৎকালীন ইউপি চেয়ারম্যান নুর হোসেন বেপারী একটি দোকানঘর নির্মাণ করেন। প্রথমে সেখানে একটি ওষুধের ফার্মেসি ভাড়া দেওয়া হলেও পরে সেটি চায়ের দোকান হিসেবে ব্যবহৃত হয়। বর্তমানে নুর হোসেন বেপারী আত্মগোপনে থাকায় তাঁর ভাই জাকির হোসেন দোকানঘরটির ভাড়া আদায় করতেন বলে অভিযোগ রয়েছে।

সম্প্রতি ঝড়ে দোকানঘরটি ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে পড়ে। এরপর জাকির হোসেন সেখানে পুনরায় নতুন দোকানঘর নির্মাণকাজ শুরু করেন বলে অভিযোগ ওঠে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, সেখানে একটি ঘরের নির্মাণকাজ চলছে এবং আশপাশে পুরোনো টিন পড়ে রয়েছে।

বিষয়টি সওজ বিভাগের নজরে এলে মুন্সীগঞ্জ সড়ক ও জনপদ বিভাগ থেকে একটি নোটিশ প্রদান করা হয়। নোটিশে আগামী দুই দিনের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়।

মুন্সীগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. নাজমুস হোসেন সাকিব স্বাক্ষরিত নোটিশটি জাকির হোসেনের কাছে পৌঁছে দেওয়া হয়। তিনি স্বাক্ষরের মাধ্যমে নোটিশ গ্রহণ করেন।

জাকির হোসেন বেপারী বলেন, “এই দোকান আমি নির্মাণ করিনি। প্রায় ১০ বছর আগে নুর হোসেন বেপারী এক অসহায় ব্যক্তিকে দোকানঘরটি নির্মাণ করে দেন। সড়ক ও জনপদ বিভাগের লোকজন এসে আমাকে একটি কাগজে স্বাক্ষর দিতে বললে আমি সেখানে স্বাক্ষর করি।”

এদিকে স্থানীয় বিএনপি নেতা তালুকদার জয়নাল আবেদীন অরুন বলেন, “সরকারি জায়গা দখল করে সেখানে স্থাপনা নির্মাণ করে ভাড়া দিচ্ছেন নুর হোসেন চেয়ারম্যান। এক প্রতিবন্ধী ব্যক্তির নাম ব্যবহার করে জোরপূর্বক ওই জায়গা ভোগদখল করা হচ্ছে।” তিনি এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. ইমাম হোসাইন বলেন, “আগামী দুই দিনের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ প্রদান করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা অপসারণ না করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সরেজমিন

Leave a Reply