আব্দুল্লাহ আল মাসুদ: মুন্সিগঞ্জ সদরে ব্যবসায়িক বিরোধের জেরে বসতঘরে ঢুকে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে সৌদি প্রবাসী এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন এবং তার ১২ বছর বয়সী ছেলে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত সৌদি প্রবাসী মো. রাকিবকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার (১ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের রাজারচর গ্রামে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ রফিকুল ইসলামকে (৩৫) প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত ছেলে দিহান ইসলামকে (১২) প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।
গ্রেপ্তার রাকিব একই গ্রামের খালেক বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি আরবে ব্যবসায়িক লেনদেন নিয়ে একই গ্রামের প্রবাসী রফিকুল ইসলাম ও রাকিবের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি দেশে ফেরার পর সেই বিরোধ আরও তীব্র হয়ে ওঠে। এর জের ধরেই গভীর রাতে হামলার ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
গুলিবিদ্ধ রফিকুল ইসলামের স্ত্রী সঙ্গিতা বেগম অভিযোগ করেন, রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। এ সময় বাইরে থেকে দরজা ভেঙে দুই ব্যক্তি ঘরে প্রবেশ করে এবং বাইরে আরও দুইজন পাহারায় ছিল। ঘরে ঢুকেই হামলাকারীরা তার স্বামীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে রফিকুলের বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে।
একপর্যায়ে তাদের ছোট ছেলে দিহানকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে আহত করা হয়।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এস এম ফেরদৌস জানান, রাত ৩টার দিকে হাত, পা ও বুকে গুলিবিদ্ধ অবস্থায় রফিকুল ইসলামকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। আহত শিশুর শরীরের বিভিন্ন স্থানে জখম থাকায় তাকেও চিকিৎসা দেওয়া হয়েছে।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, ঘটনার পর মঙ্গলবার (২ জুন) বেলা ১১টার দিকে রাজারচর এলাকায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত রাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) কামরান হাসান বলেন, সৌদি আরবে দুই প্রবাসীর ব্যবসায়িক বিরোধ থেকেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য জড়িতদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সময়ের কন্ঠস্বর

Leave a Reply