দৈনিক কালবেলা পত্রিকার অনলাইনে ‘রামিসায় উত্তাল দেশ, আছিয়ায় নীরবতা, ডিএনএ টেস্টে পুলিশ চাচ্ছে টাকা’ শিরোনামে গত ২৭ মে সংবাদ প্রকাশের পর সিরাজদীখানে আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার বিষয়ে প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের তৎপরতা লক্ষ্য করা গেছে। ইতোমধ্যে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা আছিয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
মঙ্গলবার (০২ জুন) সকাল ৯টার দিকে আছিয়ার বাড়িতে যান সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাজেদা সরকার। এসময় তারা আছিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদেরকে সান্ত্বনা দেন। এছাড়া তাদের হাতে আর্থিক সহায়তাসহ চাল, ডাল ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন।
ইউএনও রুম্পা ঘোষ বলেন, মামলার আইনি কার্যক্রম চলমান রয়েছে। তদন্তের প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বিষয়টি নিয়ে সরাসরি সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে।

আছিয়ার মা-বাবা ও স্বজনদের উদ্দেশ্যে তিনি জানান, যেকোনো প্রয়োজনে তারা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। স্থানীয় জনপ্রতিনিধিদেরও পরিবারের খোঁজখবর রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে গত ৩০ মে রাত ১০টার দিকে আছিয়ার বাড়িতে যান সিরাজদীখান সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার পারভেজ। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন এবং মামলার অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।
এএসপি আনোয়ার পারভেজ জানান, ঈদুল আজহাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট পরীক্ষাগারে কাজের চাপ থাকায় ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পেতে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে দ্রুত সময়ের মধ্যেই রিপোর্ট পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, সিরাজদীখান থানা পুলিশের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের আইনি সহায়তা দেওয়া হচ্ছে। মামলার আসামি ইতোমধ্যে কারাগারে রয়েছে। ঘটনার বিষয়ে স্বীকারোক্তিমূলক বক্তব্যও দিয়েছে।
এর আগে গত ৩০ মে সন্ধ্যায় আছিয়ার বাড়িতে যান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুন্সীগঞ্জ জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট মারুফ হাসান মন্টি এবং সিরাজদীখান উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী আলী নেওয়াজ। তারা আছিয়ার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তাদের হাতে আর্থিক অনুদান তুলে দেন।
এছাড়া সিরাজদীখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী এবং জামায়াতে ইসলামের উপজেলা শাখার সেক্রেটারি কবির হোসেনসহ নেতাকর্মীরাও পরিবারের খোঁজখবর নেন। তাদের পাশে থাকার আশ্বাস দেন।
সম্প্রতি আছিয়া হত্যাকাণ্ডের ঘটনায় ডিএনএ পরীক্ষাসহ তদন্ত কার্যক্রম নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি হয়। এ বিষয়ে দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশের পর স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়াতে শুরু করেছেন।
উল্লেখ্য, গত ১৬ মে সিরাজদীখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি মদিনাপাড়া গ্রামে ১০ বছর বয়সী আছিয়াকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। নিহত আছিয়া চর খাসকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। এ ঘটনায় তার সৎ মামা রাজা মিয়াকে অভিযুক্ত করা হয়। ঘটনার পর স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। পরে আছিয়াকে চান্দেরচর খাসকান্দি কবরস্থানে দাফন করা হয়।
কালবেলা

Leave a Reply