মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে কৃষি উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ দুই ফসলি জমি কেটে শ্রেণি পরিবর্তনের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, প্রশাসনের আগের অভিযানের পরও জমি কাটার কার্যক্রম থামেনি।
গতকাল মঙ্গলবার ভোর থেকে মান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের প্রায় ৭৫ শতাংশ জমিতে মাটি কেটে নিচু-উঁচু করে ভূমির প্রকৃতি পরিবর্তনের কাজ চলতে দেখা গেছে। এ ঘটনায় কৃষিজমি রক্ষা ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচগাঁও ইউনিয়নের দেলোয়ার হোসেন দেলু, পাঁচগাঁও গ্রামের সোহেল মোল্লা, সেলিম মিয়াসহ কয়েকজন দীর্ঘদিন ধরে ভেকু ও ড্রেজার ব্যাবসার সঙ্গে জড়িত।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, গত কয়েক মাস ধরে পাঁচগাঁও ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকায় ভেকু ও ড্রেজার দিয়ে ফসলি জমি কাটার ঘটনা অব্যাহত রয়েছে। প্রভাবশালী একটি চক্রের কারণে অনেকেই প্রকাশ্যে এ বিষয়ে কথা বলতে সাহস পান না।
তারা বলছেন, এভাবে কৃষিজমি কেটে শ্রেণি পরিবর্তন করলে একদিকে কৃষি উৎপাদন ব্যাহত হবে, অন্যদিকে পরিবেশেরও মারাত্মক ক্ষতি হবে।
অভিযোগের বিষয়ে দেলোয়ার হোসেন দেলু বলেন, ‘সরকারি রাস্তা নির্মাণের কথা বলে আমার ভেকু মেশিন ভাড়া নেওয়া হয়েছিল। দুই দিন কাজ করার পর জানতে পারি ফসলি জমি কাটা হচ্ছে। এরপর আমি আমার ভেকু মেশিন সেখান থেকে সরিয়ে নিয়ে আসি।’
এ বিষয়ে টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ‘জমি কাটার সত্যতা পাওয়া গেছে। এর আগেও সহকারী কমিশনার (ভূমি) সেখানে অভিযান পরিচালনা করেছিলেন। সংশ্লিষ্টদের বিরুদ্ধে পুনরায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।’
বিডি-প্রতিদিন

Leave a Reply