লৌহজং প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় এক প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (৮ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার কলমা ইউনিয়নের ডহুরি গ্রামের নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইলিয়াস মাঝি (৩৮) ডহুরি গ্রামের বাসিন্দা ও ব্রুনাই প্রবাসী ছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

পারিবারিক সূত্রে জানা যায়, চারদিন আগে ইলিয়াস মাঝির সঙ্গে তার স্ত্রী ডলি বেগমের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। পরে ডলি বেগম রাগ করে পাশের বাবার বাড়িতে চলে যান। এ সময় ইলিয়াস মাঝি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে একাই অবস্থান করছিলেন। এরপর টানা চারদিন তাকে বাইরে দেখা যায়নি।

সোমবার বিকেলে স্ত্রী বাড়িতে ফিরে এসে ঘরে প্রবেশ করলে দেখতে পান, বসতঘরের দ্বিতীয় তলার সিঁড়ির সঙ্গে রশি বেঁধে ঝুলন্ত অবস্থায় রয়েছেন তার স্বামী। এ সময় মরদেহে পচন ধরেছিল। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হলে লৌহজং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক সময় ও কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের কন্ঠস্বর

Leave a Reply