রোবোটিকস প্রতিযোগিতা
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার মেয়ে, সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষার্থী রূপকথা রায় আন্তর্জাতিক আন্ডারওয়াটার রোবোটিকস প্রতিযোগিতায় অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। শুক্রবার সরকারি হরগঙ্গা কলেজের পতাকা তুলে ধরে এই অবস্থানের একটি চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে তার বাবার ফেসবুক পেজ থেকে ভাইরাল হয়েছে। প্রযুক্তিগত মূল্যায়ন পর্ব সফলভাবে সম্পন্ন করে রূপকথা রায় ও তার দল সেমিফাইনাল পর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন। রূপকথা টঙ্গিবাড়ী উপজেলার ঘোষবাড়ী গ্রামের নবীন কুমার রায়ের মেয়ে। তিনি বর্তমানে সরকারি হরগঙ্গা কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় অংশ নিতে ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উদ্দেশে রওনা হন।

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতা প্রতি বছর ক্যালিফোর্নিয়ায় আয়োজিত হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের দল নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আন্ডারওয়াটার রোবট নিয়ে অংশ নেয়। এসব রোবটকে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে পানির নিচে বিভিন্ন জটিল মিশন সম্পন্ন করতে হয়। আন্তর্জাতিক এ প্রতিযোগিতার প্রযুক্তিগত মূল্যায়ন পর্বে সফলতা অর্জনের মাধ্যমে রূপকথা ও তার দল সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।
রূপকথার বাবা নবীন কুমার রায় বলেন, রূপকথার এই অর্জন ও সাফল্যে আমরা গর্বিত। রূপকথা যাতে দেশের জন্য সাফল্য বয়ে আনতে পারে, সে জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
কালবেলা

Leave a Reply