মুন্সীগঞ্জের লৌহজংয়ে পরিবেশ ছাড়পত্র না থাকায় ‘অপটিমা ট্রাক ইঞ্জিনিয়ারিং’ নামের একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কারপাশা গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী এই অভিযান চালানো হয়। কারখানাটিতে দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় পরিবেশ ছাড়পত্র ছাড়াই কার্যক্রম পরিচালিত হচ্ছিল। এছাড়া বৈদ্যুতিক চুল্লির মাধ্যমে বিভিন্ন প্রকার বিষাক্ত তার গলানোর অভিযোগ রয়েছে। অভিযানকালে কর্তৃপক্ষের উপস্থিতিতে অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা ধার্য্য করেন এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করেন। পাশাপাশি পরিবেশগত ছাড়পত্র না পাওয়া পর্যন্ত কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখার নির্দেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তর মুন্সীগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সানোয়ার হোসেন, স্থানীয় পুলিশ সদস্য এবং পল্লী বিদ্যুতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু জানান, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে অবৈধ এবং ছাড়পত্রহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কালবেলা

Leave a Reply