নানির বাড়ি লাঞ্চ করিব, দাদির বাড়ি ডিনার।
নানা-দাদা ফাও-ই গেল, হলো না বাড়ি কিনার!
নানি-দাদির বাড়ির কদর, নাতিদের মুখে জয়।
নানা-দাদার নামটা শুধু স্মৃতির পাতায় রয়!
কী যে যোগের অঙ্ক এলো, হিসাব মেলে না।
নানাকে বাদ দিয়ে নানি— অঙ্ক হলোনা!
নানার মতো দাদাও যেন অসহায়ের দল,
নিজের নামে ডাকটা বুঝি হারিয়ে এলো চল!
দাদিরে বলে দাদু আবার, নানিরে বলে নানু।
নানা-দাদার নাম মুছে যায়, কেমন রসের বানু!
নানা বলেন, ‘আমার বাড়ি কোথায় বলো ভাই?’
দাদা বলেন, ‘আমার নামে ডাকতে দেখি নাই!’
নাতির মুখে নানি-নানু, দাদিকে বলে দাদু,
নানা-দাদার মনের কথা বুঝবে কেমন সাধু!
নাতির জন্য পিঠা-পুলি, সেমাই, পায়েস রান্না।
নানা-দাদার ভাগ্যে জোটে হাসির ছলে কান্না।
নানি বলেন, ‘এসো ভাই খেয়ে যেয়ো ঘুরে,’
দাদি বলেন, ‘রাতটা থেকো, ঘুমিয়ে যেয়ো ঘরে।’
নানা-দাদা পাশে বসে মুচকি হাসেন শুধু।
মনের মাঝে প্রশ্ন জাগে—‘আমরা কি বলো জাদু?
নাতির কাছে নানি-দাদি আদর-সোহাগময়,
নানা-দাদার ভালোবাসায় কমতি কিসে হয়?
নামের মাঝে হারিয়ে গেল দুই আপনজনের ঠাঁই।
তবু তাঁদের বুকের মতো আশ্রয় কোথাও নাই!
নানা-দাদা রাগ কোরো না, এ তো মজার ছলে।
তোমাদেরই ভালোবাসা সংসারটাকে তোলে।
নানি-দাদির বাড়ি জুড়ে আনন্দেরই মেলা
নানা-দাদার স্নেহ ছাড়া পূর্ণ কি সেই খেলা?
নানা-দাদা, তোমরা হলে শিকড় গাঁথা গাছ।
তোমাদেরই ছায়ায় মোদের সুখের বসবাস।
নানি-দাদি নামের পাশে তোমাদেরও নাম।
চারজন মিলে নাতির কাছে ভালোবাসার ধাম।
হাসির ছলে বলি কথা, রেখো না কেউ মনে।
নানা-দাদা ছাড়া নাতির সুখ জমে কি জীবনে?
নানি-দাদির বাড়ি হোক বা নানা-দাদার ঘর।
চারজনেরই স্নেহে ভরে উঠুক সবার অন্তর!

Leave a Reply